ছবি সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২২তম দিনের মতো ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। আজ সোমবারও তারা বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন।
গতকাল রবিবার ইবতেদায়ি শিক্ষকদের আট সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসাসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে জাতীয়করণের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের লং মার্চ শুরু হয়। তবে শুরুতেই পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। বেলা ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লং মার্চ শুরু হলে পুলিশ বাধা দেয়, ফলে শত শত শিক্ষক রাস্তায় বসে পড়েন। এতে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসামূলক আচরণের কারণেই তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামতে হয়েছে শিক্ষকদের।
