শিরোনাম

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস-আদালত-ব্যাংক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১৯
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য বিশেষ অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হয়।

সরকারি অফিসের সময়সূচি

রমজান মাসজুড়ে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।
রমজানের আগে সরকারি অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আদালতের সময়সূচি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গত ১১ ফেব্রুয়ারি রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সুপ্রিম কোর্ট ও এর অধীন অন্যান্য আদালতের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথকভাবে নির্ধারণ করেছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের মাধ্যমে রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে। নির্দেশনা অনুযায়ী, সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এর মধ্যে গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ আইন-বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

শেয়ারবাজার

রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!