সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-09-21

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের কাছাকাছি খোয়াই নদীর সেতুর ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়েছে। এতে সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানিয়েছেন, বিকল ইঞ্জিন উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছালে তার ইঞ্জিন ব্যবহার করে পারাবত ট্রেনকে ফিরিয়ে আনা হবে। এ প্রক্রিয়ায় ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ ছাড়ার পর খোয়াই নদী পার হওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে দেখা যায় দুটি ফিউজ পুড়ে গেছে এবং ফ্যান ঘুরছে না। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, ফিউজ পরিবর্তনের জন্য মেকানিক্যাল টিম প্রয়োজন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

error: Content is protected !!