শিরোনাম

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-১৯
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেল আমদানিতে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় দুই বিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতেও দেশের জনগণের স্বার্থ বিবেচনায় রেখে জ্বালানির দাম সীমিত পরিসরে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক বাজারে যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণে পৌঁছেছে। এর ফলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোপুরি দাম বাড়ানো হয়নি। বরং জনগণের কষ্টের কথা বিবেচনায় নিয়ে সরকার ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোই সরকারের প্রধান লক্ষ্য।

এদিকে, রোববার (১৯ এপ্রিল) থেকে দেশজুড়ে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রলের দাম ১৯ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রলের দাম ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে কেরোসিনের দামও বাড়ানো হয়েছে, যা এখন ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

error: Content is protected !!