ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয়

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-১০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় এসেছে তাদের ঝুলিতে। বাকি পাঁচটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শীর্ষ পদগুলোতে জোটের প্রার্থীদের জয়

সহ-সভাপতি (ভিপি) পদে ঐক্যবদ্ধ জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে জোটের এসএম ফরহাদ জয়ী হয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। দ্বিতীয় হয়েছেন ছাত্রদলের তানভীর বারী হামীম, যিনি পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

সম্পাদকীয় ও অন্যান্য পদ

এছাড়া জোটের আরও ২০ প্রার্থী বিভিন্ন সম্পাদকীয় পদে বিজয় লাভ করেছেন। এর মধ্যে—

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (১০,৬৩১ ভোট)

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট)

  • আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম (৯,৭০৬ ভোট)

  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আবদুল্লাহ (৯,০৬১ ভোট)

  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন (৭,২৫৫ ভোট)

  • কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (৯,৯২০ ভোট)

  • মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া (১১,৭৪৭ ভোট)

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ (৭,০৩৮ ভোট)

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (৯,৩৪৪ ভোট)

সদস্য পদে জয়ী প্রার্থীরা

ঐক্যবদ্ধ জোট থেকে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার এবং রায়হান উদ্দীন।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন—

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী

  • সদস্য পদে: হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী ও ২০ হাজার ৯১৫ জন ছাত্র। ২৮টি ডাকসু পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ প্রার্থী। একই দিনে অনুষ্ঠিত ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

 

error: Content is protected !!