আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেটের দুটি কেন্দ্রীয় কারাগারের প্রায় ৩০০ জন কারাবন্দি প্রথমবারের মতো পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার এলাকায় স্থাপিত বিশেষ ভোটকেন্দ্রে তারা তাদের ভোট প্রদান করবেন।
কারা সূত্রে জানা গেছে, সিলেটের দুই কারাগারে বর্তমানে মোট প্রায় ১ হাজার ৭০০ জন বন্দি রয়েছেন। এর মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় ২৫১ জন বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে। অন্যদিকে, তথ্যগত ত্রুটি ও প্রয়োজনীয় নথি না থাকায় বাকিদের নিবন্ধন সম্ভব হয়নি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যেসব বন্দি পোস্টাল ব্যালেটের জন্য নিবন্ধিত হয়েছেন, তারা ভোটের আগেই জামিনে মুক্তি পেলেও সাধারণ ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না। ভোটের দিন পুনরায় কারাগার এলাকায় এসে নির্ধারিত কেন্দ্রেই তাদের ভোট দিতে হবে। এ জন্য কারাগার প্রাঙ্গণের ভেতরে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
এদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন বন্দি রয়েছেন। এ কারাগার থেকে ৪৭ জন বন্দি পোস্টাল ব্যালেটের জন্য সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা নাহিদা পারভীন জানান, প্রায় ৪০০ জন বন্দি পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন। যাচাই শেষে আড়াই শতাধিক বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিছু আবেদন তথ্যগত সমস্যার কারণে বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটের আগে কেউ মুক্তি পেলেও পোস্টাল ভোট দিতে হলে তাকে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানেই এসে ভোট প্রদান করতে হবে।
অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, তাদের কারাগার থেকে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।
