প্রতিদিন সকালে লেবুপানি খেলে কী হয় ? জানুন এর অবিশ্বাস্য উপকারিতা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-১২
ছবি সংগৃহীত

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর দিনটা কীভাবে শুরু করছেন, তার ওপর নির্ভর করে সারাদিনের কর্মক্ষমতা ও মনোভাব। অনেকেই দিন শুরু করেন এক কাপ গরম চা বা কফি দিয়ে। তবে এতে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই দিনের শুরু হোক এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ লেবুর রস মিশিয়ে—এটাই হতে পারে সবচেয়ে উপকারী অভ্যাস।

চলুন জেনে নেওয়া যাক, কুসুম গরম লেবুপানি শরীরের জন্য কী কী উপকার নিয়ে আসে—

হজমের উন্নতি করে
কুসুম গরম পানি একদিকে হজমপ্রক্রিয়াকে সক্রিয় করে, অন্যদিকে লেবুর রস পিত্তরসের উৎপাদন বাড়িয়ে তোলে। ফলে শরীর সহজে খাবার ভাঙতে পারে, হজমও হয় অনেক দ্রুত ও স্বাভাবিকভাবে।

শরীরকে ডিটক্সিফাই করে
বিশেষজ্ঞদের মতে, লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড যকৃতকে সক্রিয় করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। একইভাবে গরম পানিও শরীর পরিশুদ্ধ করতে ভূমিকা রাখে, যা ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।

শরীরে পানির যোগান দেয়
রাতভর না খেয়ে থাকার কারণে সকালে শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়ে। কুসুম গরম লেবুপানি সেই ঘাটতি পূরণ করে শরীরে জলযোগ ঘটায়, যা শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখে সারাদিন।

ওজন কমাতে সাহায্য করে
লেবুর রসে থাকা ‘পেকটিন’ নামের আঁশজাতীয় উপাদান ক্ষুধা কমায়। গরম পানির সঙ্গে মিশে এটি শরীরে তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। নিয়মিত কুসুম গরম লেবুপানি পান ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় করে
লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে। এতে ত্বকের দাগ দূর হয়, ত্বক হয় মসৃণ, উজ্জ্বল ও দীপ্তিময়। পাশাপাশি শরীর থেকে টক্সিন বেরিয়ে যাওয়ায় ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লেবুর ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা সর্দি-কাশি ও অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয়।

দেহের পিএইচ ভারসাম্য রক্ষা করে
যদিও লেবুর স্বাদ অম্লীয়, এটি শরীরে ক্ষারীয় প্রভাব ফেলে। ফলে দেহের পিএইচ ভারসাম্য বজায় থাকে, অম্লতা ও হজমের সমস্যা দূর হয় এবং বিপাকক্রিয়া স্বাভাবিক থাকে।

সকালের শুরুতে এক গ্লাস কুসুম গরম লেবুপানি তাই হতে পারে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত জীবনের সহজ একটি অভ্যাস।

 

error: Content is protected !!