সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু ৫০ ছাড়াল, এক দিনে আরও ৪ প্রাণহানি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২৪
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গজনিত কারণে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত বিভাগে মোট ৫১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এতে ৫১টি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুদের মধ্যে রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার করমধা এলাকার মো. সাবুল মিয়ার ১০ মাস বয়সী ছেলে আবিদ। সে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার রফিকুল ইসলামের ১ বছর ৩ মাস বয়সী ছেলে আরাবি আহমদের।
এছাড়া, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুই শিশু। তারা হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ফারুক মিয়ার ৫ মাস বয়সী ছেলে নাফি ইসলাম এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ৬ মাস বয়সী ছেলে নিলয় রায়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিলেটের এই চার শিশুসহ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে শিশুদের সময়মতো টিকা গ্রহণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

error: Content is protected !!