ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাসাভাড়া ও রান্নাবান্না নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
নিহত মতিউর রহমান (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দেশে তার সাড়ে তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্বজনদের মাধ্যমে তারা মতিউরের মৃত্যুর খবর পান।
নিহতের ছোট ভাই সাইফুর রহমান জানান, ঘুম ও রান্নাবান্না নিয়ে কয়েক দিন ধরে রিয়াদের বাসায় থাকা রুমমেটদের সঙ্গে মতিউরের বিরোধ চলছিল। সোমবার কাজ শেষে বাসায় ফেরার পর আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের কাছে খবর আসে।
সাইফুর রহমানের অভিযোগ, একই কক্ষে থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ভাই এ ঘটনায় জড়িত। ঘটনার পর তারা সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করেন তিনি। পরে তাদের এক দুলাভাই কাজ শেষে বাসায় ফিরে মতিউরের মরদেহ দেখতে পান। এরপর স্থানীয় পুলিশকে খবর দিয়ে থানায় অভিযোগ করেন তিনি।
মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, মতিউর শান্ত স্বভাবের ছিলেন। দুই থেকে তিন দিন আগে রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।
তিনি বলেন, সোমবার থেকে মতিউরের মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই কক্ষে থাকা গ্রামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে পরিবার তার মৃত্যুর বিষয়টি জানতে পারে।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, সৌদি আরবে প্রবাসী এক যুবকের মৃত্যুর খবর তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি।
