ছবি : সংগৃহীত
সিলেট নগরীতে একটি কাভার্ড ভ্যান অনুসরণ করে প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব ও বিজিবির যৌথ দল। বুধবার নগরীর কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি গুদাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানের গতিবিধি নজরদারিতে রাখে র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি দল। পরে ভ্যানটি সুরমা আবাসিক এলাকার একটি গুদামে গিয়ে ভারতীয় পণ্য নামিয়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে।
এ সময় যৌথ টহল দলের সদস্যরা কাভার্ড ভ্যানটির চালককে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
