যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের সরকার সহযোগীতা করবে : মন্ত্রী আরিফ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-০৭

সিলেট ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী। এ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা দিতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষ হটলাইন চালু করেছে বলেও তিনি জানান।

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় কেউ সমস্যায় পড়লে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সরকার তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেবে। প্রবাসীদের সমস্যার সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরিফুর হক চৌধুরী বলেন, সেখানে কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে বিষয়টি অবহিত করা হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিতভাবে এ বিষয়ে খোঁজখবর রাখছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, হলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী উৎসব। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

error: Content is protected !!