সরকারি সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে প্রত্যাখ্যান করে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে এ অনশন কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করারও ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (তবে ন্যূনতম দুই হাজার টাকা) প্রদান করা হবে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্তদের বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ৫ অক্টোবর তা প্রকাশের পর শিক্ষক-কর্মচারীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাতা অন্তত ২ থেকে ৩ হাজার টাকা করার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে।
রোববার বিকেলে শিক্ষক-কর্মচারীরা রাজধানীতে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করতে গেলে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন তারা। বাধার পর বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষকরা পুনরায় শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত সমাবেশে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন যে, সোমবার সকাল ১০টা থেকে শিক্ষকরা আমরণ অনশন শুরু করবেন।
তিনি বলেন, “আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। এখন আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা, এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে শিক্ষক-কর্মচারীরা গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন।
