মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তর বাধ্যতামূলক, বিআরটিএর সতর্কবার্তা
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: ২০২৬-০৬-২৪
ছবি : সংগৃহীত
মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা হস্তান্তর সম্পন্ন করার জন্য যানবাহনের মালিক ও ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৪ জুন) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।
বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে যানবাহন বিক্রির পর নতুন মালিকরা আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না করেই গাড়ি ব্যবহার করছেন। ফলে যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট কর, সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।
সংস্থাটির মতে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের মতো আর্থিক দায় বিক্রেতার ওপর বর্তাতে পারে।
মালিকানা পরিবর্তনের কার্যক্রম সহজ করতে অনলাইনভিত্তিক ব্যবস্থা চালু করেছে বিআরটিএ। এ জন্য প্রথমে বিআরটিএর অনলাইন সেবা পোর্টালে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হবে এবং একই দিনে মালিকানা পরিবর্তনের কাজ সম্পন্ন করা যাবে। পাশাপাশি নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ গ্রহণের জন্য বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন।
বিআরটিএ আরও জানিয়েছে, যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তর সম্পন্ন না করলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের আইনি জটিলতা দেখা দিতে পারে। তাই আইন অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।