ইফতারের জন্য সহজ ও রিফ্রেশিং মিন্ট ওয়াটারমেলন শরবত তৈরির রেসিপি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১৪
ছবি: সংগৃহীত

ইফতারে সারাদিনের রোজা শেষে শরীরকে সতেজ ও প্রাণবন্ত করতে তরমুজ একটি দারুণ ফল। এতে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেল শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। তরমুজ সরাসরি খাওয়া যায়, আবার জুস বা শরবত বানিয়েও এটি সমানভাবে উপকারী। বিশেষ করে গরমের দিনে ইফতারে ঠান্ডা তরমুজের শরবত শরীরকে দ্রুত সতেজ করে তোলে এবং পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।

খুব অল্প উপকরণে এবং সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করা যায় রিফ্রেশিং মিন্ট ওয়াটারমেলন শরবত। ইফতারের ঠিক আগে কয়েক মিনিট সময় দিলেই বানিয়ে নেওয়া সম্ভব এই সুস্বাদু পানীয়।

উপকরণ:
বিচি ছাড়া ৩–৪ কাপ তরমুজের টুকরো, ১০–১২টি পুদিনাপাতা, ১ টেবিল চামচ লেবুর রস, স্বাদমতো চিনি বা বিট লবণ, পরিমাণমতো বরফ কুচি এবং ১ কাপ পানি।

প্রস্তুত প্রণালি:
প্রথমে তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর এতে পুদিনাপাতা, লেবুর রস এবং চিনি বা বিট লবণ যোগ করে আবার ব্লেন্ড করুন। চাইলে মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢালা যেতে পারে। এরপর বরফ কুচি দিয়ে পরিবেশন করুন এবং ওপরে কয়েকটি পুদিনাপাতা দিয়ে সাজিয়ে নিন।

স্বাদের ভিন্নতা আনতে চাইলে এতে অল্প পরিমাণ সোডা বা স্প্রাইট মেশানো যেতে পারে। এতে শরবত আরও ফিজি ও সতেজ লাগবে। গরমের দিনে ইফতারের জন্য এটি হতে পারে একটি সহজ, স্বাস্থ্যকর ও রিফ্রেশিং পানীয়।

error: Content is protected !!