দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯১ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৬ হাজার ৮৭৬ জনে পৌঁছেছে।
এদিকে একই সময়ে ২৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলমান প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬২ হাজার ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা গ্রহণ শেষে ৫৮ হাজার ১৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।