ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার দুপুরে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
স্থানীয়রা জানান, বেজুরা সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে একটি তেলবাহী লরির সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়।
দুর্ঘটনায় বালুবাহী ট্রাকে থাকা রিপন মিয়া এবং সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে দুজন নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
