পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে একটি ইমামবাড়ায় বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ইসলামাবাদের তারালাই এলাকায় অবস্থিত একটি ইমামবাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থার বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক ছিল—তা জানতে ফরেনসিক দল কাজ করছে।
ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগের পাশাপাশি অর্থোপেডিক, বার্ন ও নিউরোলজি বিভাগ পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হন। অল্প সময়ের ব্যবধানে আবারও এমন ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: দ্য ডন
