জানুয়ারিতে দুই পর্বে ইজতেমার প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত পরে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-09-03

আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ইজতেমার সম্ভাব্য এই তারিখ প্রস্তাব করা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের কারণে গত এক বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এবার ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গেই আলোচনা করা হচ্ছে। মাওলানা সাদপন্থিদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছিল।

তিনি বলেন, ইজতেমাকে কেন্দ্র করে সরকারের প্রধান লক্ষ্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সরকার চায় না। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে। তাই সব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জুবায়েরপন্থিরা প্রস্তাবিত প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করতে চান। অন্যদিকে সাদপন্থিদের পক্ষ থেকে রমজানের আগে ওই দুই পর্বের পর মধ্যবর্তী সময়ে আলাদা একটি পর্ব আয়োজনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত দুই পর্বের আগেই ইজতেমা করার বিষয়েও তাদের আগ্রহ রয়েছে।

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে। ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট নীতিমালা ও ভিসানীতির আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

তিনি আরও বলেন, ইজতেমার তারিখসহ অন্যান্য বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

error: Content is protected !!