প্রশ্নফাঁস রোধে নতুন পদ্ধতি চালুর উদ্যোগ, পরীক্ষা গ্রহণ ও প্রশ্ন প্রণয়নেও আসছে পরিবর্তন
এসএসসি ও এইচএসসিসহ দেশের পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঝুঁকি কমাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত এ ব্যবস্থায় পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশ্ন প্রণয়ন, মডারেশন এবং পরীক্ষা পরিচালনার পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের অপচেষ্টা যে হয়নি, তা নয়। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশ্নপত্র মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পরীক্ষার এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র মুদ্রণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদই সবচেয়ে বড় সম্পদ। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলক কম থাকার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই ধরনের চিত্র দেখেছেন। সেখানে ইংরেজি মাধ্যম থেকে আসা মাত্র তিনজন শিক্ষার্থী হাত তুলে নিজেদের পরিচয় দিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান তৈরি করতে হলে শিক্ষাজীবনের শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে। কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে মৌলিক জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশে মানসম্মত ও অর্থবহ শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্য, দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
