সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-২৩
ছবি : সংগৃহীত

ঢাকার একটি আদালত প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেছেন। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন একই আদালত। তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ ২০ মে এ আবেদন করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, প্রায় তিন দশক পর মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত কবর থেকে মরদেহ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদেশ বাতিলের আবেদন করা হয়েছিল।

আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। মরদেহ উত্তোলনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রতিবন্ধকতা ও উত্তেজনার কারণ হতে পারে। এছাড়া ভিকটিমের মা নিলুফা জামান চৌধুরী (নীলা চৌধুরী) এবং মামলার বাদী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসভবনে সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটে দাফন করা হয়। এ ঘটনায় সে সময় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত একটি রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন, ২১ অক্টোবর, সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, অভিনেতা ডনসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই চলচ্চিত্র তারকা। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দেশের চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

error: Content is protected !!