নারী ওয়ানডে বিশ্বকাপে বেঙ্গালুরু ভেন্যু নিয়ে অনিশ্চয়তা, প্রভাব পড়তে পারে বাংলাদেশের ম্যাচেও

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৮
ছবি: সংগৃহীত

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে এরই মধ্যে ভেন্যু সংকটে পড়েছে গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চারটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও এখনো রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি মেলেনি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের। ফলে সেখানে ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে বাংলাদেশের সূচিতেও। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশ নারী দলের। এছাড়া এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও (যদি পাকিস্তান না ওঠে) ফাইনাল।

পাকিস্তান ফাইনালে উঠলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। পাকিস্তানের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেখানে। বাংলাদেশও দুটি ম্যাচ—২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে এবং ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে—খেলবে কলম্বোতে। বাকি পাঁচটি ম্যাচের ভেন্যু ভারত, যার শেষটি নির্ধারিত রয়েছে বেঙ্গালুরুতে।

বেঙ্গালুরুতে ভেন্যু সংকটের পেছনে রয়েছে জুন মাসে আইপিএল জয় উদ্‌যাপন চলাকালে পদদলিত হয়ে ১১ জন দর্শকের মৃত্যুর ঘটনা। বিষয়টি বর্তমানে আদালতে তদন্তাধীন। রাজ্য সরকারও এখনো বিশ্বকাপ আয়োজন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ইতোমধ্যে মহারাজা কাপ টি-২০ টুর্নামেন্ট বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়েছে মহীশুরে।

কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় আছেন এবং এখনো আশাবাদী।

error: Content is protected !!