নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১৩
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট আইনি জটিলতা নিষ্পত্তির পর এই দুই আসনের ফলাফল ঘোষণা করা হবে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯৯টি আসনের মধ্যে মিত্র দলের তিনটি আসনসহ মোট ২১২টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে প্রায় দুই দশক পর দলটি সরকার গঠনের পথে এগোচ্ছে।

অন্যদিকে, নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা। জোটটি মোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে অংশ নিয়ে একটি আসনে জয় লাভ করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ভোট গণনা। পরে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ধাপে ধাপে ফলাফল কমিশনে পাঠান।

একই দিন রাতে কমিশন প্রথমে আংশিক ফলাফল প্রকাশ শুরু করে এবং গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। দেশি-বিদেশি গণমাধ্যম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কমিশন জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের ৫৯ দশমিক ৪৪ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে, একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-এর দুটি আসনে বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ওই দুই আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

error: Content is protected !!