পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্তের উদ্যোগ, সব স্কুলে চালু হবে মিড-ডে মিল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-০৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ জুন : দেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ কারণে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।

এহছানুল হক মিলন জানান, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।

উল্লেখ্য, চলতি বছরের ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দলের ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দলের ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় অংশ নেয়।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ২৩ মে শেষ হয়। জাতীয় পর্যায়ে এখন দেশের আট বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। মোট ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে।

error: Content is protected !!