সিলেটে বৃষ্টির সঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা, ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৪

সিলেটে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’। এর প্রভাবে কয়েকদিন ধরেই সিলেটসহ আশপাশের এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এ বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে এতে করে সিলেটের মানুষের সামনে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। দেশের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব বেশি পড়বে। এসব এলাকায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাছাড়া, নিচু ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এদিকে, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানিয়েছেন, আগস্ট মাসে সিলেটে আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন সিলেটে আরও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি এলাকায় ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পানির চাপ বাড়তে পারে। এতে করে সিলেটের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তবে নদ-নদীর পানি কতটুকু বৃদ্ধি পাবে বা বিপৎসীমা অতিক্রম করবে কি না—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

error: Content is protected !!