মক্কায় নতুন বিমানবন্দর নির্মাণের অনুমোদন, সহজ হবে হজ-ওমরাহ যাত্রা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-০৩
ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কায় নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার। হজ ও ওমরাহ পালন করতে আসা বিপুল সংখ্যক মুসল্লির যাতায়াত আরও সহজ করা এবং পরিবহন অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পটির কৌশলগত ও অর্থনৈতিক দিক ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে প্রকল্পটি প্রাথমিক পরিকল্পনা ও বিনিয়োগ পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলেও এখনো নির্মাণকাজ শুরুর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

এই প্রকল্প সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য হজ ও ওমরাহ যাত্রীসংখ্যা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বর্তমানে অধিকাংশ হজযাত্রী জেদ্দা হয়ে মক্কায় পৌঁছান, যা শহরটি থেকে প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। নতুন বিমানবন্দর চালু হলে এই দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মক্কা মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশার কাজও সম্পন্ন হয়েছে। এই মেট্রো চালু হলে পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত আরও সহজ হবে।

অন্যদিকে ‘স্মার্ট মক্কা’ উদ্যোগের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মসজিদুল হারাম এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ করে জামারাত সেতু এলাকায় ভিড় কমাতে পূর্বাভাসভিত্তিক প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে।

error: Content is protected !!