মঙ্গলবার শুরু ফ্যামিলি কার্ড কার্যক্রম, সিলেট বিভাগের সুবিধাভোগীরা কারা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৩-০৯

দেশের নিম্নআয়ের মানুষের জন্য চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম। আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় প্রতি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।

প্রথম পর্যায়ে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিনই সুবিধাভোগীদের মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তার অর্থ পৌঁছে যাবে।

এদিকে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে উপস্থিত থাকবেন। একই সময়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে কর্মসূচি সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন।

পরীক্ষামূলকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে— রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল (শাহ আলী ওয়ার্ড-৮), আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকা। এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জেও এই কার্যক্রম চালু হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়নে গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

error: Content is protected !!