শিরোনাম

হামজার বিভাগেই হতে পারে হংকং ম্যাচ, ভাবনায় সিলেট-চট্টগ্রাম

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৩

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবল জ্বরে কাঁপছিল পুরো দেশ। জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী ও শমিত সোমদের খেলা দেখতে অনলাইনে টিকিট কেনার হিড়িক পড়ে যায়। সেই ফুটবল উন্মাদনাকে ঢাকার গণ্ডি পেরিয়ে এবার দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি রাজধানীর বাইরে আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে চট্টগ্রাম ও সিলেট। তবে স্টেডিয়ামের বর্তমান অবস্থা বিবেচনায় সিলেট এগিয়ে। তার ওপর হামজা চৌধুরীর নিজ বিভাগ সিলেট হওয়ায় সেখানে ম্যাচ আয়োজনের সম্ভাবনাই বেশি।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে দৈনিক সমকালকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন,
‘আমার খুব ইচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ঢাকার বাইরে আয়োজন করার। সবকিছু নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের (NSC) সিদ্ধান্তের ওপর।’

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দিয়েছে। এ পর্যন্ত কয়েকবার স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন বাফুফের কর্মকর্তারা। তবে সমস্যা হচ্ছে—চট্টগ্রাম স্টেডিয়ামে নেই ফ্লাডলাইট, গ্যালারির চেয়ারের অবস্থাও নাজুক। যদিও তিন মাসের মধ্যে ফ্লাডলাইট স্থাপন সম্ভব বলে মত দিয়েছেন ফাহাদ করিম।

পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামে ম্যাচ আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে বিবেচনায় আছে সিলেট স্টেডিয়াম। এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন,
‘সিলেটে হলে ভালো হয়। সেখানে ফ্লাডলাইট আছে, গ্যালারির ধারণক্ষমতাও প্রায় ১৫ হাজার। আর হামজা খেললে সিলেটেও টিকিটের জন্য যুদ্ধ শুরু হবে।’

সিঙ্গাপুর ম্যাচের সময় অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাই-এর পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বাফুফে। তাই এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচগুলোতেও অনলাইনে টিকিট বিক্রি চালু থাকলেও টেন্ডারের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। সম্ভাব্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচনায় রয়েছে সহজ ডটকম এবং বিডি টিকিট ডটকম

প্রসঙ্গত, প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা জাতীয় স্টেডিয়ামের মাঠ নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রজাতির ঘাস লাগানোর ফলে মাঠের অবস্থা সন্তোষজনক নয়। তাই সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামের ঘাস নতুন করে বসানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

error: Content is protected !!