ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজার ২৬৯ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, নিবন্ধিত মোট ভোটারের মধ্যে পাঁচ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ এবং ৩৬ হাজার ৪৫৯ জন নারী ভোটার রয়েছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক এক লাখ ৩৮ হাজার ৭০৫ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৫২ হাজার ১০৯ জন, ওমানে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ৫০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৫৫ জন, কুয়েতে ২০ হাজার ১৪৩ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ৮৭৫ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৮৮ জন, ইতালিতে ১৩ হাজার ৯৫৪ জন এবং কানাডায় ১১ হাজার ২৪৬ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে দেশে অবস্থানরত ৯৩ হাজার ৯৩২ জন ভোটার আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন করেছেন।
জেলা ভিত্তিক হিসাবে কুমিল্লা জেলায় সর্বাধিক ৫৮ হাজার ১৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপর ঢাকা জেলায় ৪৯ হাজার ৪২৬ জন, চট্টগ্রামে ৪৮ হাজার ৩৩০ জন, নোয়াখালীতে ৩৩ হাজার ২৯৭ জন, সিলেটে ২৪ হাজার ৭৫ জন এবং চাঁদপুরে ২২ হাজার ৭৭৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
নির্বাচনী আসন অনুযায়ী ফেনী-৩ আসনে সর্বোচ্চ নয় হাজার তিনজন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে আট হাজার ২৫৫ জন, নোয়াখালী-১ আসনে সাত হাজার ৮৬৮ জন, কুমিল্লা-১০ আসনে সাত হাজার ৭৬৭ জন এবং নোয়াখালী-৩ আসনে সাত হাজার ৪০৪ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
এদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, গত শুক্রবার, শনিবার ও রোববার সন্ধ্যা পর্যন্ত ১৫টি দেশের ৭১ হাজার ৯৫৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু হয়। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে ভোটাররা অ্যাপ কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন। ভোট প্রদানের সময় ভোটাররা অ্যাপে লগইন করে নিজ নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখে নির্ধারিত নিয়মে ব্যালটে প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।
তিনি আরও জানান, কেউ যদি প্রতীক বরাদ্দের আগেই ভোট দিয়ে থাকেন, তবে সেই ভোট বাতিল হবে না। তবে প্রতীক বরাদ্দের পর প্রার্থী দেখে ভোট দেওয়াই নিয়মসম্মত।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কাছে যথাক্রমে ৮৯২টি, ৫৭৩টি ও ছয় হাজার ২৪৬টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। শনিবার যুক্তরাষ্ট্রে আট হাজার ৪৮০টি, চীনে ৬৮১টি, কুয়েতে এক হাজার ৩১০টি, কাতারে দুই হাজার ৭৩৭টি, সৌদি আরবে সাত হাজার ৩৪৩টি, জাপানে পাঁচ হাজার ৬০০টি এবং দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৬৮১টি ব্যালট প্রেরণ করা হয়। রোববার সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ১১৬টি, যুক্তরাষ্ট্রে আট হাজার ৭১৮টি, কানাডায় নয় হাজার ৪৪৩টি, ইতালিতে পাঁচ হাজার ৬৮৬টি, জার্মানিতে দুই হাজার ১২৬টি এবং ফ্রান্সে তিন হাজার ৩২১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
এদিকে, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আইনি হেফাজতে থাকা ভোটারদের ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ইসি’র বার্তায় আরও বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় ভোটারকে অবস্থানরত দেশের নিয়ম অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে হবে। ঠিকানা সঠিক না হলে ব্যালট পাঠানো সম্ভব হবে না।
নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে এই নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
