৭ জুন থেকে এইচএসসি: অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা এবার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-৩১
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ জুন থেকে পরীক্ষা শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পরই তারিখটি চূড়ান্ত হবে। অনুমোদন মিললে পূর্ণাঙ্গ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কেবল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ পদ্ধতি চালু ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—মোট ১১টি বোর্ডেই এবার একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রের মান ও সমতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগিরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হতে পারে।

error: Content is protected !!