সিলেট নগরী ও আশপাশের এলাকায় শনিবার (২ আগস্ট) দিনজুড়ে বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। আত্মহত্যা, দুর্ঘটনা ও রহস্যজনক মৃত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কানিশাইলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার সকালে সিলেট শহরের কানিশাইল এলাকা থেকে রেশমা বেগম (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ধারণা করা হচ্ছে, বাবার সঙ্গে অভিমানে সে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
জকিগঞ্জে ধানক্ষেতে বৃদ্ধের লাশ
একইদিন দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়। তার পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে এক অচেনা ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। লাশের পাশেই পাওয়া গেছে একটি টর্চলাইট, জুতা এবং গ্লাভস। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
লাউয়াছড়ায় ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু
শনিবার সকাল ৮টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামের এক নারী গুরুতর আহত হন। ট্রেনের চাকায় তার পা কেটে যায়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। জানা গেছে, তিনি এক হাত হারানো ভিক্ষুক ছিলেন এবং ট্রেনে ভিক্ষা করতেন।
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আল-আমিনের
সিলেট-মৌলভীবাজার মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন আল-আমিন (২৮)। আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শমশেরনগরে লেকে ডুবে বৃদ্ধের মৃত্যু
শমশেরনগর চা-বাগানের লেকে শুক্রবার নিখোঁজ হন রামলাল রবিদাস (৭৫)। পরিবার জানায়, তিনি গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। শনিবার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।
