শিরোনাম

সিলেটে ছেলের ছুরিকাঘাতে মা নিহত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০১
ছবি: সংগৃহীত

সিলেট মহানগরে ছেলের হাতে প্রাণ হারিয়েছেন রহিমা বেগম (৭০)। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রহিমা বেগম শাহপরাণ আবাসিক এলাকার হেপি কমপ্লেক্সে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তাঁর স্বামী আব্দুল গাফ্ফার। তাঁদের স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রাম।

রোববার (৩১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সোমবার সকাল ১১টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুর দেড়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমা বেগমকে তাঁর ছেলে বদরুল ইসলাম (৪২) ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারে। বদরুল ইমামতির পেশায় থাকলেও গত চার মাস ধরে বেকার ছিলেন। তিনি চার ভাইবোনের মধ্যে চতুর্থ। অন্য একটি সূত্র জানায়, তিনি মানসিক সমস্যায়ও ভুগছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার এসআই সোহেল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

 

 

error: Content is protected !!