কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) রাতে উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একইসাথে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাহারচর গ্রামের তিনজন—সুমন, রমজান, আরিফ ও অনিককেও গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলমান।
