পুড়ছে সিলেট

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-16
ছবি: সংগৃহীত

প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সিলেটের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় দিনের বেলায় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে বৃষ্টিও হয়েছে খুব সামান্য। তবে তীব্র গরমের মধ্যেও গত তিন দিন ধরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন সিলেট মহানগরীর বাসিন্দারা।

রোববার (১৬ আগস্ট) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (১৫ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৪ আগস্ট) তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রিতে। আর তার আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে তাপমাত্রার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটও গত বৃহস্পতিবার পর্যন্ত নগরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছিল। অনেক এলাকায় একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘণ্টা পর ফিরলেও স্থায়ী হচ্ছিল না। এক ঘণ্টার মধ্যে আবারও লোডশেডিং শুরু হওয়ার ঘটনাও ঘটেছে। প্রচণ্ড গরমের মধ্যে এ ধরনের বিদ্যুৎ পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ চরমে ওঠে।

শুক্রবার (১৪ আগস্ট) থেকে অবশ্য বিদ্যুৎ পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। রোববার পর্যন্ত সিলেট মহানগরীর অনেক এলাকায় ১০ মিনিটের জন্যও লোডশেডিং হয়নি। কোথাও কোথাও পুরো সময়জুড়েই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তীব্র গরমের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে।

নগরবাসীর ভাষ্য, শুক্রবারের আগে যেভাবে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছিল, সেই পরিস্থিতি আরও কয়েকদিন চললে মানুষের ক্ষোভ বাড়তে পারত। বর্তমান পরিস্থিতিকে তাই স্বস্তিদায়ক হিসেবে দেখছেন তারা।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাত্র ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে টানা গরমের মধ্যে কিছুটা স্বস্তি ফেরার আশা করছেন স্থানীয়রা।

error: Content is protected !!