ছবি: সংগৃহীত
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এ সুবিধার আওতায় থাকবেন।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সিদ্ধান্তটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েল–এর মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি পাবে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ফি পরিশোধ করতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদন করারও প্রয়োজন নেই।
কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
