টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি বাড়ছে, সতর্ক নজরদারিতে প্রশাসন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৭-০৮

হবিগঞ্জে কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে নদীগুলোর পানির উচ্চতা বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে বুধবার (বিকেল পর্যন্ত) জেলার কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজান ও দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো নদী বিপদসীমা অতিক্রম করেনি এবং তাৎক্ষণিকভাবে ডেঞ্জার লেভেল অতিক্রমের পূর্বাভাসও নেই।

তিনি আরও জানান, খোয়াই নদীর বাল্লা সীমান্ত এলাকায় পানির উচ্চতা সবচেয়ে দ্রুত বাড়ছে। এছাড়া কুশিয়ারা, সুতাং ও সোনাই নদীসহ জেলার অন্যান্য নদ-নদীতেও পানির প্রবাহ ও উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে।

error: Content is protected !!