বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার এমএ খান অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. মকবুল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে কাওছার আহমদ কাওছর বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম। নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ এবং বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুনিম এক প্রতিক্রিয়ায় জানান, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৩০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে মো. দুলু মিয়া ও তুরন মিয়া, সহ সাধারণ সম্পাদক পদে আলী হুসেন, কোষাধ্যক্ষ পদে বদরুল ইসলাম মাহি এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।
এছাড়া, ওয়ার্ডভিত্তিক সদস্য পদে নির্বাচিতরা হলেন—১নং ওয়ার্ড: নোমান আহমদ, মো. দিলোয়ার হোসেন, মো. রশিদ আলী ও আব্দুল হামিদ
২নং ওয়ার্ড: রুমন আলী, হেলাল আহমেদ, শাহিদ আলী ও আল আমিন তালুকদার। নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
