প্রবাসীদের সম্পত্তি রক্ষায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-27
ছবি: সংগৃহীত

প্রবাসীদের বৈধ সম্পত্তি অবৈধ দখল থেকে রক্ষা করতে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীরা দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে না পড়েন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। জমি দখল কিংবা সম্পত্তি-সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে প্রশাসন প্রবাসীদের পাশে থাকবে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নগর ভবনে যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে তাঁদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করা এবং সম্মান ও মর্যাদা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। প্রবাসীদের জমি দখল বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সেসব অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও কর্মজীবনের কারণে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক মানুষ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে ইতোমধ্যে তৃতীয় প্রজন্মও বেড়ে উঠছে। তবে প্রবাসীদের হৃদয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও টান আগের মতোই রয়েছে। সেই আকর্ষণেই তাঁরা নিয়মিত দেশে আসেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের এ সফরের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে ভবিষ্যতে এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে ব্যারিস্টার মুস্তাক আহমদ সিলেট সিটি করপোরেশনে উষ্ণ আতিথেয়তা পাওয়ায় প্রশাসক ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এদিনের আলোচনায় বাংলাদেশ, বিশেষ করে সিলেটের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, টাওয়ার হ্যামলেটসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল প্রবাসী বা ভৌগোলিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি রক্ত, আত্মা ও সংগ্রামের সম্পর্ক। টাওয়ার হ্যামলেটসকে বাংলাদেশের বাইরে এক টুকরো বাংলাদেশ বললেও অত্যুক্তি হবে না। সেখানে বাংলাদেশের পতাকা অত্যন্ত গৌরবের সঙ্গে উড়ছে।

ব্যারিস্টার মুস্তাক আহমদ জানান, আলোচনায় আধুনিক নগরায়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। এসব ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিলেট সিটি করপোরেশন নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও কার্যকর উদ্যোগ বিনিময়ের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়লে নগর ব্যবস্থাপনার নানা সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে। এ ক্ষেত্রে উভয় পক্ষের রাজনৈতিক নেতৃত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক এপিপি অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী মেহরাব মুমিন এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক।

এদিকে, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠের উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন।

error: Content is protected !!