ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌঁছেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এর আগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিমানবন্দর এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।
বিমানবন্দর থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তার আগমন উপলক্ষে মাজার দুটির প্রাঙ্গণ মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুসজ্জিত করা হয়। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, বুধবার রাত ৮টার দিকে তারেক রহমান সিলেট পৌঁছেছেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে অবস্থান করবেন। সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ তিনি সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কয়েকজন তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
