সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের অনুরোধ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-07-30
ছবি: সংগৃহীত


সিলেট জেলার পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সুপারিশের পরিপ্রেক্ষিতে ঢাকায় চিঠি পাঠিয়ে বিজিবি মোতায়েনের অনুরোধ করা হয়েছে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার ও শুক্রবার—এই দুই দিনের জন্য বিজিবি মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের কয়েকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবি মোতায়েনের পরিকল্পনায় থাকা পাঁচ উপজেলা হলো—জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এদিকে এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুই দিনে জেলার ছয়টি উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। এরপর বিকেল ৩টায় কানাইঘাটে এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!