সিলেটসহ সব সরকারি হাসপাতালের জন্য সরকারের ৭ নির্দেশনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-০৪

সিলেটসহ দেশের সব সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজ ও স্বচ্ছ করতে সাত দফা নির্দেশনা জারি করেছে সরকার।

সোমবার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—

  • রোগীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করা।

  • জরুরি বিভাগের নিকট দৃশ্যমান স্থানে হুইলচেয়ার ও ট্রলি রাখা এবং সেগুলো বিনামূল্যে ব্যবহারের নির্দেশনা স্পষ্টভাবে টানিয়ে দেওয়া।

  • নির্ধারিত ইউনিফর্ম পরিহিত সেবাকর্মী বা ওয়ার্ডবয় কর্তৃক হুইলচেয়ার ও ট্রলি বহনের ব্যবস্থা করা।

  • বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে ট্রলি বা হুইলচেয়ার বহন নিষিদ্ধ করা এবং এ কাজে কোনো ধরনের অর্থ লেনদেন বন্ধ রাখা।

  • হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখতে প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেওয়া এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

  • দালাল ও তাদের সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা।

  • যেকোনো সেবামূলক কাজে অনৈতিক লেনদেন বা বখশিস দাবি কঠোরভাবে নিষিদ্ধ করা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাসেবা নিতে আসা নিয়মিত রোগী ও স্বজনরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হলে হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য কমবে এবং সামগ্রিক সেবার মান উন্নত হবে।

error: Content is protected !!