ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দেশটির তৈরি পোশাক রপ্তানি খাতে বড় ধাক্কা লেগেছে। শুল্ক কার্যকরের পর থেকেই ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপের মতো মার্কিন খুচরা বিক্রেতারা ভারতীয় সরবরাহকারীদের দেওয়া ক্রয়াদেশ স্থগিত করতে শুরু করেছে।
জানা গেছে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় পণ্যে পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে রপ্তানিকারকেরা একের পর এক ‘ক্রয়াদেশ স্থগিতের’ ই-মেইল পাচ্ছেন। এসব ই-মেইলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, অতিরিক্ত শুল্কের কারণে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির খরচ ৩০-৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে মার্কিন বাজারে ভারতের রপ্তানি আদেশ ৪০-৫০ শতাংশ কমে যাওয়ার শঙ্কা রয়েছে।
ভারতের প্রধান রপ্তানিকারক প্রতিষ্ঠান যেমন ওয়েলস্পান লিভিং, গোকলদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট ও ট্রাইডেন্টের অধিকাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রেই হয়ে থাকে।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের টেক্সটাইল খাতের শীর্ষ সংগঠন ‘সিআইটিআই’। সংগঠনটির মতে, ৫০ শতাংশ শুল্ক ভারতের পোশাক শিল্পের জন্য ‘বিশাল ধাক্কা’, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের অবস্থান দুর্বল করে দেবে।
এছাড়া শুধু পোশাক নয়, চামড়া, জুতা, গয়না, রাসায়নিক ও চিংড়ি রপ্তানিও বড় ধরনের নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে, বাকি ২৫ শতাংশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।
