ছবি : সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার পাশাপাশি সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নেওয়ার দাবি জানান তিনি। যেসব শিক্ষার্থী ওই দিন পরীক্ষা দিতে পারেননি, তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের আরও দাবি, বুধবার (১৫ জুলাই) নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীবান্ধব মানদণ্ড অনুসরণেরও দাবি জানানো হয়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় আসেননি।
