শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
ঘোষিত বাজেটের মধ্যে বেতন-ভাতা বাবদ বরাদ্দ ১১১ কোটি ৯০ লাখ, বিশেষ সুবিধাসহ মোট বেতন ৭১ কোটি, পণ্য ও সেবা খাতে ৪৫ কোটি ৩৫ লাখ, পেনশন বাবদ ১৫ কোটি, তথ্য প্রযুক্তিতে ২ কোটি ৫০ লাখ, স্বাস্থ্যসেবায় ২০ কোটি এবং যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গবেষণা খাতে এই বরাদ্দের মধ্যে শিক্ষকদের জন্য ৮ কোটি ২০ লাখ, পিএইচডি গবেষণায় ১ কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ এবং উদ্ভাবন কাজে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বছরের তুলনায় এবার গবেষণা ও উদ্ভাবন খাতে ৭৯ লাখ টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপাচার্য ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “গবেষণার ওপর গুরুত্ব দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণার কেন্দ্রে রূপ দিতে চাই। চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে বিভিন্ন সংকট কেটে যাবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
