ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩ জন। বর্তমানে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, হবিগঞ্জে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৭ জন এবং সুনামগঞ্জে ৩৪৬ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৪৭ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন রয়েছেন। অন্যদের মধ্যে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১০ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে।
জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
