ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এসেছে। শুক্রবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
বিজি ৫৮৪ নম্বর ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি উড়োজাহাজ দ্বারা পরিচালিত হচ্ছিল। উড্ডয়নের কিছু সময় পর, প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় পৌঁছে জরুরি অবস্থায় বিমানটি ফিরে আসে।
ঘটনার পর পরই রানওয়ে পরিদর্শন করে বিমান কর্তৃপক্ষ। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির উপস্থিতির প্রমাণ মেলেনি বলে জানানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান জানায়, কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট BG 584 জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে পরে উড়োজাহাজটির ইঞ্জিনের কাউলিং অংশে রক্তের দাগ দেখা যায়, যা পাখির সঙ্গে সংঘর্ষ (bird strike) হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়। একই নম্বরের বিকল্প ফ্লাইট BG 584 শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ১৫৪ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পুনরায় উড্ডয়ন করে।
