ছবি সংগৃহীত
মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূকম্পনের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার এলাকা।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূ-কম্পনে কেঁপে ওঠে সিলেট।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, যার গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
এদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে জানা গেছে, একই রাতে ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।
এছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবরের নিকটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৩ এবং গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
