বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-08-26
ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধ করা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর ব্যবস্থা করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের মাধ্যমে কর্মীরা যেন বিদেশে গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন, সে জন্য সরকার প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

error: Content is protected !!