সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক নিহত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-12
ছবি: সংগৃহীত

সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সিলেট নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কুমার ওই এলাকার বাসিন্দা এবং সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সূত্র: প্রথম আলো

error: Content is protected !!