ছবি: সংগৃহীত
ওজন কমানোর চেষ্টা করছেন—এমন অনেকের মনেই প্রশ্ন থাকে, রাতে ভাত খেলে কি ওজন বেড়ে যায়? দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা হলো, রাতের খাবারে ভাত বাদ দিলেই দ্রুত ওজন কমানো সম্ভব। তবে পুষ্টিবিদদের মতে, বিষয়টি এতটা সরল নয়। রাতে ভাত খাওয়াকে এককভাবে ওজন বাড়ার কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ফুডের এক প্রতিবেদনে পুষ্টিবিদদের বরাত দিয়ে বলা হয়েছে, ওজন কমানো বা নিয়ন্ত্রণের বিষয়টি মূলত নির্ভর করে একজন ব্যক্তি সারাদিনে মোট কত ক্যালরি গ্রহণ করছেন এবং কতটা শক্তি ব্যয় করছেন তার ওপর। শুধু দিনের কোন সময়ে ভাত খাওয়া হচ্ছে, সেটিই ওজন বাড়া-কমার প্রধান নির্ধারক নয়।
ভারতীয় পুষ্টিবিদ রূপালী দত্তের মতে, রাতে ভাত খাওয়ার কারণে সরাসরি ওজন বাড়ে না। বরং শরীরের প্রয়োজনের তুলনায় মোট ক্যালরি গ্রহণ কম থাকলে রাতের খাবারে ভাত থাকলেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ওজন কমাতে চাইলে ভাত পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে কতটুকু খাওয়া হচ্ছে, সেদিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। রূপালী দত্তের পরামর্শ অনুযায়ী, এক বেলা খাবারে প্রায় আধা কাপ থেকে এক কাপ রান্না করা ভাত রাখা যেতে পারে।
তবে শুধু ভাত খেলে খাবারটি সুষম হবে না। ভাতের সঙ্গে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখলে খাবারটি বেশি পুষ্টিকর ও পরিতৃপ্তিদায়ক হয়। এ ক্ষেত্রে ডাল, পনির, মুরগির মাংসের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি রাখা যেতে পারে।
সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের মতে, ওজন কমানোর জন্য খাদ্যতালিকা থেকে ভাত সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং চালের ধরন, খাবারের পরিমাণ এবং খাওয়ার সময়ের দিকে নজর দেওয়া যেতে পারে।
তিনি সাধারণ চালের পরিবর্তে হাতে ছাঁটা বা সিঙ্গেল-পলিশড চাল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি রাতে ভাত খাওয়ার পর ঘুমানোর আগে অন্তত দুই ঘণ্টা সময় রাখার কথা বলেছেন। অতিরিক্ত খাবার গ্রহণ এড়িয়ে নিজের এলাকার স্থানীয় চাল খাওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
ওজন কমানোর জন্য অনেকে রাতের ভাতে বদলে রুটি খেতে শুরু করেন। কিন্তু কোনটি বেশি ভালো—ভাত না রুটি—এর নির্দিষ্ট কোনো উত্তর নেই বলে মনে করেন পুষ্টিবিদ কবিতা দেবগন।
তার মতে, বিষয়টি ব্যক্তির হজমক্ষমতা, খাবারের পছন্দ এবং পুরো দিনের খাদ্যতালিকার ওপর নির্ভর করে। সঠিক পরিমাণে খাওয়া হলে ভাত ও রুটি—দুটিই স্বাস্থ্যকর রাতের খাবারের অংশ হতে পারে।
ওজন কমানোর ক্ষেত্রে রাতের খাবার থেকে ভাত বাদ দেওয়ার চেয়ে সারাদিনের মোট খাদ্যাভ্যাস এবং ক্যালরি গ্রহণের দিকে নজর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। পরিমিত ভাতের সঙ্গে পর্যাপ্ত সবজি ও প্রোটিন রাখা, অতিরিক্ত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখাই হতে পারে ওজন নিয়ন্ত্রণের কার্যকর উপায়।
অর্থাৎ, রাতে ভাত খাওয়া নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পরিমাণ ঠিক রাখা এবং খাবারকে সুষম করাই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
