আট বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-09-02
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় আট বছর পর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও কোনো বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট অবতরণ করেছে। ওমানের বেসরকারি বিমান সংস্থা সালাম এয়ার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে মাস্কাট থেকে ১৩৩ জন যাত্রী নিয়ে সালাম এয়ারের উদ্বোধনী ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে ফিরতি যাত্রী নিয়ে ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশে সিলেট ত্যাগ করে।

সালাম এয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজী জানান, উদ্বোধনী ফ্লাইটটি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে প্রবেশের সময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় আগত ও মাস্কাটগামী যাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। অতিথিদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভ অ্যালেন। বিশেষ অতিথি ছিলেন ওমান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফাতিহা আহমেদ আল বালুশি।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শরিফুল আলম, ওসমানী বিমানবন্দরে বিমানের স্টেশন ইনচার্জ শাকিল আহমদ, সালাম এয়ারের এরিয়া ম্যানেজার সাজিদ খান, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রাজন এবং বাংলাদেশে সালাম এয়ারের জিএসএ পার্টনারের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. লতিফ শাহরিয়ার জাহেদিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সালাম এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভ অ্যালেন বলেন, সিলেট ও মাস্কাটের মধ্যে দীর্ঘদিনের আত্মিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই শহরের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়ায় এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, সিলেটের যাত্রীদের চাহিদা ও এ অঞ্চলের বিমান চলাচল খাতের সম্ভাবনা সম্পর্কে সালাম এয়ার কর্তৃপক্ষ অবগত। ভবিষ্যতে নতুন গন্তব্য যুক্ত করা, সেবার মান উন্নয়ন এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর মাধ্যমে সিলেটের এভিয়েশন বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। যাত্রীদের চাহিদা বাড়লে আগামী মাস থেকে ফ্লাইটের সংখ্যা সপ্তাহে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ থেকে সালাম এয়ার মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে সপ্তাহে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে ৩টি ফ্লাইট রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সালাম এয়ারের মাধ্যমে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের যাতায়াত ব্যয়ও তুলনামূলকভাবে কমেছে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি সিলেট-মাস্কাট-জেদ্দা রুটে সালাম এয়ারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা থেকে ওমরাহ প্যাকেজ ঘোষণা করেছে।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া উপমহাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশে সালাম এয়ারের গ্লোবাল নেটওয়ার্ক বিস্তৃত। বর্তমানে বিমান সংস্থাটি নিয়মিতভাবে ৪০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। ২০১৫ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠানটি সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট চলাচল করলেও যাত্রী চাহিদা বাড়ায় পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হতো।

তবে পরিচালনাগত বিভিন্ন সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় ফ্লাইদুবাই। এরপর প্রায় আট বছর বিদেশি কোনো এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি।

সালাম এয়ারের সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার নতুন অধ্যায় শুরু হলো।

error: Content is protected !!